পুষ্পস্তবক অর্পণ শেষে কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকার প্রদানকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করেন। তিনি বলেন, ‘আমাদের জন্মভূমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে সুদীর্ঘ মানবাধিকার সংগ্রামের ফসল হিসেবে। মুক্তিযুদ্ধের চেতনা ও মানবাধিকারের মূলমন্ত্র একই সুরে গাঁথা। ১৯৭২ সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে পুরোটা জুড়েই মানবাধিকার ধারণার প্রতিফলন ঘটেছে। পাশাপাশি, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে খুব সুনির্দিষ্টভাবে জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের কথা উল্লেখ রয়েছে’।